২০২৫ সালের মে মাসের মাঝামাঝি এসে আন্তর্জাতিক ক্রিকেট যেন এক অবসরের মিছিল দেখছে। একের পর এক তারকা ক্রিকেটার বিদায় জানাচ্ছেন প্রিয় ফরম্যাট বা পুরো আন্তর্জাতিক মঞ্চকে। সবশেষ সোমবার (১২ মে) টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে এই সিদ্ধান্ত জানান তিনি।
কোহলি এর আগেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে সরে দাঁড়ান। সর্বশেষ টেস্ট খেলেছিলেন চলতি বছরের জানুয়ারিতে। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল লাল বলের ক্রিকেট থেকেও বিদায় নেবেন তিনি। এর আগে ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আরেক ভারতীয় ব্যাটিং গ্রেট রোহিত শর্মা। কোহলির মতো তিনিও এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলবেন বলে জানিয়েছেন।
শুধু ভারতীয় তারকারাই নয়, বছরের প্রথম পাঁচ মাসে অবসর নিয়েছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটারও। মার্চে ওয়ানডে ছাড়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানান মাহমুদউল্লাহ রিয়াদ। তার আগে ৭ মার্চ ওয়ানডে ছাড়েন মুশফিকুর রহিম, যিনি ২০২২ সালেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। বর্তমানে কেবল টেস্টে খেলছেন তিনি। আরও আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন তামিম ইকবাল। ২০২৩ সালের জুলাইয়ে হঠাৎ অবসর নিলেও প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরেছিলেন। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই ফেরা। চলতি বছরের ১০ জানুয়ারি আবারও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথও জায়গা করে নিয়েছেন অবসরের তালিকায়। ভারতের কাছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে হেরে পরদিনই ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেন তিনি। যদিও এখনও টেস্ট ও টি-টোয়েন্টিতে তাকে পাওয়া যাবে। একই পথ অনুসরণ করেছেন মার্কাস স্টয়নিস, যিনি ফেব্রুয়ারিতে ওয়ানডে ছাড়েন শুধুমাত্র টি-টোয়েন্টি ফোকাসে থাকতে।
নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল জানুয়ারিতে শেষ করেছেন নিজের ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। সব ফরম্যাট মিলিয়ে ৩৬৭ ম্যাচ খেলা এই ওপেনারকে বিদায় জানায় পুরো কিউই । অন্যদিকে, শততম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে।
সামনে রয়েছে জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৬ সালে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ। তবে ২০২৫ সালের এই প্রথমার্ধেই তারকাদের যেভাবে অবসরের ঢল নেমেছে, তাতে বছরের বাকি সময়েও আরও চমকপ্রদ বিদায়ের খবর পেতে প্রস্তুত থাকতে হবে ক্রিকেটবিশ্বকে।

Post a Comment