তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হওয়া সাকিব আল হাসানকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তবে তার পথ ধরে আর কোনো বাংলাদেশি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠতে পারেনি শীর্ষে। এই মুহূর্তে টেস্টে সেই সুযোগটা আছে মেহেদী হাসান মিরাজের। তিনি নিজেও অনুভব করেন এমন কিছু করতে পারল দারুণ ব্যাপার হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে মিরাজ বেশ কিছু মাইলফলক স্পর্শ করেছেন। একই ম্যাচে সেঞ্চুরির সাথে ৫ উইকেট, সব মিলিয়ে ২ হাজার রানের সাথে ২০০ উইকেটের কীর্তি উল্লেখযোগ্য।
মিরাজের এই বিশেষ কীর্তিকে সম্মান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। মিরপুরে তাদের কাছ থেকে ক্রেস্ট নিয়ে সংবাদ মাধ্যমে মঙ্গলবার দুপুরে কথা বলেন এই অলরাউন্ডার।
জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্সে মিরাজ এখন টেস্টের ২ নম্বর অলরাউন্ডার (৩২৭ রেটিং)। তার সামনে আছেন কেবল রবীন্দ্র জাদেজা (৪০০ রেটিং)। দুজনের রেটিং পয়েন্টে অবশ্য ভালো ব্যবধানই আছে। তবে মিরাজ এখন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে নিয়মিত পারফর্ম করতে পারলে ১ নম্বর হওয়া সম্ভব।
এ নিয়ে নিজের ভাবনা জানিয়ে টাইগার অলরাউন্ডার বলেন, 'অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। (অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে) এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে।’
নিজের টেস্ট ক্যারিয়ারের লক্ষ্য জানাতে গিয়ে তিনি যোগ করেন, 'লক্ষ্য তো অবশ্যই অনেক ওপরে যাওয়ার। দিন শেষে অনেক লম্বা পথ যেতে হবে। ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে। তবে ওইভাবে অনেক বড় (৪০০ উইকেট, ৫ হাজার রান) চিন্তা করছি না। ছোট ছোট লক্ষ্য সামনে রেখে এগোনোর চেষ্টা করছি।’
এই মুহূর্তে মিরাজ (২০৫) বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক। তার সামনে আছেন সাকিব (২৪৬) ও তাইজুল (২২৮)। এই তালিকায়াও সবার উপরে ওঠা সম্ভব মিরাজের। আর এমন কিছু হলে সেটা হবে দারুণ এক অর্জন, জানালেন নিজেই।
তিনি বলেন, 'এ রকম মাইলফলক (টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট) হলে তো অবশ্যই ভালো লাগবে। বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে, যেকোনো সংস্করণই হোক, ভালো লাগার বিষয়। আসলে শর্টকাটের কিছু নেই। লম্বা পথ যেতে হবে। সেটাই চেষ্টা করছি।’

Post a Comment