গেল মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শেষে একটি ঘটনা আলোচনার জন্ম দেয়। ম্যাচ শেষে দিল্লির স্পিনার কুলদীপ যাদব কলকাতার ব্যাটার রিংকু সিংকে চড় মেরেছেন বলে অভিযোগ ওঠে। অবশেষে সে ঘটনা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে রিংকুর দল কলকাতা।
সামাজিক মাধ্যমে ঘটনার পুরো ভিডিও এবার প্রকাশ করে কলকাতা সব বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেছে। ভিডিওতে দেখা যায়, রিংকু-কুলদিপের ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের স্ক্রিনশট। তারপরেই দেখা যাচ্ছে মাঠে দাঁড়িয়ে কথা বলছেন রিংকু ও কুলদীপ। আঙুলের ইশারায় ‘এল’ বা ‘লাভ’ অর্থাৎ, ভালবাসা বুঝিয়েছেন তারা।
ভিডিওতে রিংকু এবং কুলদীপের খুনসুটির কিছু মুহূর্তও জুড়ে দিয়েছে কলকাতা। ছবিগুলোতে দেখা যায়, কখনো গাড়িতে, কখনো আবার হোটেলে একসঙ্গে মজা করছেন তারা। ক্যাপশনে কেকেআর লিখেছে, 'গণমাধ্যমে খবর বনাম প্রকৃত সত্য। আমাদের উত্তরপ্রদেশের ছেলেদের মধ্যে নিখাদ বন্ধুত্ব রয়েছে।'
কলকাতার এই ভিডিও দেখে নেটিজেনরা আশ্বস্ত হয়েছেন যে, ভারতের এই দুই ক্রিকেটারের মধ্যে কোনো মনোমালিন্যের ঘটনা ঘটেনি। নিছকই মজার ছলে রিংকুকে চড়় মেরেছিলেন কুলদীপ।

Post a Comment