জরিমানার মুখে পড়েছেন মুলতান সুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও ইসলামাবাদ ইউনাইটেডের কলিন মুনরো। পিএসএলের আচরণবিধি ভঙ্গের জন্য ম্যাচ ফি'র ৩০ শতাংশ করে জরিমানা করা হয়েছে তাদের।
মুনরো ও রিজওয়ান পিএসএলের আচরণবিধির ২.১৩ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, মাঠে অন্য কোনো খেলোয়াড়, সহায়ক কর্মী, আম্পায়ার বা ম্যাচ রেফারিকে ব্যক্তিগতভাবে অপমান করা নিষিদ্ধ।
ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান্সের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে। প্রথম ইনিংসের দশম ওভারে ব্যাটিং করছিলেন মুনরো। সেসময় তিনি ইফতেখার আহমেদের বোলিংয়ে চাকিংয়ের আবেদন করেন কিউই এ ব্যাটার। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন মুলতান সুলতান্সের অধিনায়ক রিজওয়ান হস্তক্ষেপ করে মুনরোর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
খেলা শেষে দুই অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও ক্রিস ব্রাউন ম্যাচ রেফারির কাছে অভিযোগ উত্থাপন করেন। তারই পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি আলী নকভি দুই খেলোয়াড়ের স্বীকারোক্তি গ্রহণ করে শাস্তি ঘোষণা করেন।
তবে মুনরোর অভিযোগের পরও ইফতেখারের কিছুই হয়নি। এমনকি ম্যাচ শেষে তার চাকিংয়ের বিষয়টি নিয়ে রেফারি কোনো কিছুই জানাননি।

Post a Comment