ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকাকে ‘বি'শ্বা'সঘা'ত'ক’ বললেন ধোনি

 



আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। কুড়ি কুড়ির মারকাটারি এই আসরে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়ন তারা। তবে চলতি আসরের শুরু থেকেই যেন চেন্নাইয়ের শনির দশা চলছে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কিছুই যেন ঠিকঠাক যাচ্ছে না। টানা পাঁচ হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে মহেন্দ্র সিং ধোনির দলটি। 


এদিকে চোটের কারণে আইপিএলের চলতি আসর থেকেই ছিটকে গেছেন চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। দলের বেগতিক পরিস্থিতিতে আবারও নেতৃত্বভার কাঁধে তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অধিনায়কত্বে ফেরার ম্যাচটা অবশ্য জয়ে রাঙাতে পারেননি তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছে তার দল। 


শুক্রবার (১১ এপ্রিল) ঘরের মাঠ চিপকে কলকাতার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে চেন্নাই। টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে স্কোরবোর্ডে ১০৩ রান তুলতে পারে স্বাগতিকরা। জবাবে ১০.১ ওভারেই জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। এতে আইপিএল ইতিহাসে প্রথমবার টানা পাঁচ হারের বিব্রতকর লজ্জার মুখে পড়েছে সিএসকে।


ম্যাচটির একদিন আগে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন ধোনি। বৃহস্পতিবার সে সময় মাঠে ঢোকেন কেকেআরের মেন্টর ডোয়াইন ব্রাভো। আইপিএল ক্যারিয়ারে লম্বা সময় চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। এখন তাকে প্রতিপক্ষ দলের মেন্টর হিসেবে দেখে ধোনি বলে ওঠেন, ‘ওই বিশ্বাসঘাতক এসে গিয়েছে।’ ধোনির মুখে এমন কথা শুনে হেসে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা অলরাউন্ডার। 


অবশ্য ধোনির কথার জবাবও দিয়েছেন ব্রাভো। তিনি বলেন, ‘জীবন সব সময় ভালো কিছু ঘটবে, তা নয়।’ এরপর রবীন্দ্র জাদেজাকে জড়িয়ে ধরেন কেকেআরের মেন্টর। তারপর নেটের কাছে গিয়ে ধোনির সঙ্গে হাসিমুখে কুশল বিনিয়ম করেন। দুজনে খানিকটা খুঁনসুটিও করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।


২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ধোনির সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাভো। ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে চেন্নাইয়ের ক্রিকেটার হিসেবে আইপিএল জিতেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডার। ২০২৩ সালে তিনি ছিলেন চেন্নাইয়ের চ্যাম্পিয়ন দলের বোলিং কোচ। সেই সূত্রে ধোনির সঙ্গে ব্রাভোর ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে।


Post a Comment

Previous Post Next Post