মাঠের পর রেকর্ডবইয়েও ঝড় তুললেন বৈভব সূর্যবংশী

 



ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুলে রেকর্ড বইয়েও সুনামি তুলেছেন ভারতের ১৪ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথমবার খেলতে নেমে নিজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আগমনী বার্তা আগেই দিয়ে রেখেছিলেন তিনি। তবে সোমবার (২৮ এপ্রিল) রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটানসের  বিপক্ষে যে ইনিংসটি খেললেন, তা ছাপিয়ে গেছে আগের সবকিছুকেই।


গুজরাটের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন এই ১৪ বছর বয়সী ব্যাটারের দখলে। সব মিলিয়ে এটি আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, যা ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের ৩০ বলের সেঞ্চুরির পরেই স্থান পেয়েছে।


মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ানের বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। একইসঙ্গে তিনি এখন আইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও।


৩৮ বলে ১০১ রানের অবিশ্বাস্য ইনিংসে ছিল ৭টি চার এবং ১১টি ছক্কার মার। রাজস্থান রয়্যালসের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তার একার দখলে। এর আগে সানজু স্যামসনের ১০ ছক্কার রেকর্ডটি ছিল সর্বোচ্চ। আইপিএলে ভারতীয় ব্যাটার হিসেবে মুরালি বিজয়ের ১১ ছক্কার রেকর্ড এতদিন এককভাবে সর্বোচ্চ ছিল, এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সূর্যবংশী।


আইপিএল ক্যারিয়ারের মাত্র তৃতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেন ১৪ বছর বয়সী এই বিস্ময়বালক। এর ফলে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সময়ে আইপিএল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটিও এখন তার দখলে। এর আগে মানিষ পান্ডে, পল বালথাঠি এবং প্রিয়ানশ আরিয়া যৌথভাবে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করে এই রেকর্ড ধরে রেখেছিলেন।


যশস্বী জয়সোয়ালকে সাথে নিয়ে ওপেনিং জুটিতে ১৬৬ রানের বিশাল পার্টনারশিপ গড়েছেন সূর্যবংশী। এটি রাজস্থান রয়্যালসের হয়ে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড। এর আগে দেবদূত পাড়িক্কাল এবং জস বাটলারের ১৫৫ রানের জুটি ছিল রাজস্থানের সর্বোচ্চ ওপেনিং এবং যেকোনো উইকেট জুটি।


গুজরাটের বিপক্ষে বৈভবের করা ১০১ রানের ইনিংসে ৯৪ রানই এসেছে  বাউন্ডারি থেকে যা মোট রানের ৯৩.০৬ শতাংশ। আইপিএলে সেঞ্চুরির ইনিংসে এইটা নতুন এক রেকর্ড। আগের রেকর্ড জয়সোয়ালের। ২০২৩ সালে মুম্বাইয়ের বিপক্ষে করা ১২৪ রানের ইনিংসে ৯০.৩২ শতাংশই চার-ছক্কায় পেয়েছিলেন।


রেকর্ড বইয়ে তুলকালাম কান্ড ঘটানোর পর  বৈভবেকে নিয়ে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিংয়ের সাথে সুর মিলিয়ে একটি কথাই এখন বলা যায় - ‘বৈভব সূর্যবংশী- রিমেম্বার দ্য নেইম’


Post a Comment

Previous Post Next Post