বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সব আইসিসি ইভেন্টেই নামা হয়েছে সাকিব আল হাসানের। গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ক্যারিয়ারের শেষবেলায় ঘরের মাঠ থেকেই সাদা পোশাকটা তুলে রাখার মনোবাসনা করেছিলেন। কিন্তু সেই আশা অপূর্ণতাতেই রয়ে গেছে।
রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারেননি। আশা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে সংস্করণকেও বিদায় জানাবেন। কিন্তু দলে জায়গা না হওয়ায় সে স্বপ্নও ধূলিসাৎ হয়ে গেছে। কবে জাতীয় দলে ফিরতে পারবেন সেই নিশ্চয়তাটুকুও কেউ দিতে পারছে না।
জটিল এই পরিস্থিতিতে বাংলাদেশের অতীত ভুলে তাকে নতুন করে ক্রিকেট জীবন শুরুর পরামর্শ দিচ্ছেন শুভাকাক্সক্ষীরা। সেই অনুযায়ী ২০২৮ অলিম্পিক গেমসে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে দেখা যেতে পারে সাকিবকে। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।
টি-টোয়েন্টি ক্রিকেটের ছড়াছড়ির যুগে বছরজুড়েই ব্যস্ত থাকেন সাকিব। আইপিএল বাদ দিলেও প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ডাক পান। এর বাইরে অবসরের সময়টুকু কাটান মার্কিন মুল্লুকে। ফলে সেখানে ব্যাট হাতে নামতে তার বাধা না পাওয়ারই কথা। গুঞ্জন আছে, দেশটিতে বসবাসের জন্য সাকিব ইতিমধ্যে গ্রিন কার্ডের আবেদন করেছেন। তাতেই আমেরিকার হয়ে মিস্টার অলরাউন্ডারের খেলার সম্ভাবনাটা আরও বেড়ে গেছে।
গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের আগামী আসরের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। যে আসরে নতুন করে যুক্ত হবে ক্রিকেট ইভেন্ট। তাই নিজেদের ঘরে স্বর্ণ তুলে রাখতে সাকিবের মতো বিশ্ব ক্রিকেটের ফেরিওয়ালাকে আমেরিকার ক্রিকেট বোর্ড দলে না চেয়ে পারবে না। এখন দেখার বিষয়, বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জন সত্যি হয় কি না।
Post a Comment