ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮৩ জন। স্থানীয় সময় আজ রোববার সকালে সুমি অঞ্চলে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো জানান, সুমি শহরের কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এই হামলায় ২০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ বাহিনী সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালিয়েছে। আন্তর্জাতিক মহলকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন তিনি
সুমি অঞ্চল দিয়ে এগিয়ে আসতে পারে রুশ বাহিনী, গত কয়েকদিন ধরে এমন সতর্কতা দিয়ে আসছে ইউক্রেন। এই সতর্কতার মধ্যেই সুমিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় একটি ওষুধের গুদামে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল শনিবার ওষুধের গুদামে ওই হামলা হয়। ভারতে ইউক্রেনের দূতাবাস জানিয়েছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। হামলায় বিপুল পরিমাণ ওষুধ ধ্বংস হয়ে গেছে।

Post a Comment