মিরপুর শের-ই বাংলায় রান খুব একটা হবে না এটাই যেন অলিখিত নিয়ম। তবে ডিপিএলে প্রাইম ব্যাংক বনাম ব্রাদার্স ইউনিয়ন ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। নাঈম শেখের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৪২২ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড তো বটেই দেশের মাটিতে এটি কোনো দলের সর্বোচ্চ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্স থামে ২৪৯ রান করে। জাকির হাসান-শাহাদাত হোসেন দীপুরা পায় ১৭৩ রানের জয়। টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় জয়।
আগে ব্যাট করতে নেমে এদিন রুদ্রমুর্তি ধারণ করেছিলেন নাঈম। আল আমিন হোসেন-সোহাগ গাজীদের পাত্তাই দেননি তিনি। শুরু থেকেই খেলেছেন একের পর এক দৃষ্টিনন্দন শট। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সাব্বির হোসেন। প্রথম উইকেট জুটিতে যোগ করেন ১৪০ রান। নাঈম ও সাব্বির দুজনেই করেছেন আগ্রাসী ব্যাটিং। ৬৩ বলে ৭৩ রান করে সাব্বির ফিরলে ভাঙে প্রথম উইকেট জুটি।
জাকির হাসানম, শাহাদাত হোসেন দীপু ও শামীম পাটোয়ারী বড় ইনিংস খেলতে না পারলেও নাঈম ব্রাদার্সের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন। একের পর এক দৃষ্টিনন্দন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে তুলে নিয়েছেন শতক। এরপর শতককে দেড়শতকে রুপান্তর করেছেন। সেই সাথে ছুটছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু ১২৫ বলে ১৮ বাউন্ডারি ও ১০ ছক্কায় ১৭৬ রান করে থামেন তিনি।
এছাড়াও ২২ বলে ৩টি করে বাউন্ডারি ও ছক্কায় ৪০ রানের ক্যামিও খেলেছেন আব্দুল্লাহ আল মামুন। সাজ্জাদুল ইসলাম রিপন ৩৭ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। রিশাদের ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৭ রান।
ব্রাদার্সের প্রায় সব বোলারই এদিন ছিলেন খরুচে। ১০ ওভারে ৭৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন আল আমিন হোসেন।
রান তাড়ায় যেভাবে ব্যাটিং করতে পারেনি ব্রাদার্স ইউনিয়নের ব্যাটাররা। দলটির তিন টপ অর্ডার ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমান বড় ইনিংস খেলতে পারেননি।
তবে অধিনায়ক মাইশুকুর রহমানকে নিয়ে চেষ্টা করেছিলেন আইচ মোল্লা। চতুর্থ উইকেট জুটিতে ৮৬ রান যোগ করেন তারা। ৪৮ বলে ৩৪ রান করে মাইশুকুর রহমান ফিরলে ভাঙে সেই জুটি। বাকিরা ফিরলেও আইচ করেছেন দারুণ ব্যাটিং। তার ১১০ বলে ৯৬ রানের ইনিংসটি শুধু ব্রাদার্সের হারের ব্যবধানই কমাতে পেরেছে। এছাড়াও দলটির হয়ে ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন অলোক কাপালি।
প্রাইম ব্যাংকের হয়ে ১০ ওভারে ৬৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন রিশাদ। দুটি করে উইকেট নিয়েছেন হাসান ও শামীম পাটোয়ারী।

Post a Comment