চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর বাবর আজমদের কড়া সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। তবে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনিল গাভাস্কার এক কাঠি সরেস, পাকিস্তানের ভারতের ‘বি’ দলকে হারাতে কষ্ট হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।
গাভাস্কারের মন্তব্য ভালোভাবে মেনে নিতে পারেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামামউল হক। কথাবার্তায় মুখে লাগাম টানতে বলেছেন তিনি।
ইনজামাম বলেন, ‘গাভাস্কারের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। উনি সিনিয়র মানুষ। আমরা ওনাকে সম্মান করি। তবে অন্য কারও দেশ নিয়ে কথা বলতে গেলে, বুঝেশুনে বলাই উচিত। আপনার দল ভালো খেলেছে। নিজের দলের প্রশংসা করার অধিকার রয়েছে আপনার। তবে অন্য দলকে নিয়ে এ ধরনের মন্তব্য কি যথাযথ? নিজের শব্দচয়নে সতর্ক হোন। আমি একটু কঠোরভাবেই কথাগুলো বলছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। রোহিত শর্মাদের কাছে শোচনীয় পরাজয়ে টুর্নামেন্ট থেকে মোহাম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। ম্যাচ শেষে পাকিস্তানের সমালোচনা করে গাভাস্কার বলেছিলেন, ‘আমার মনে হয়, ভারতের ‘বি’ দল অবশ্যই (পাকিস্তানের ঘাম ছুটিয়ে ছেড়ে দেবে)… ‘সি’ দল পারবে কি না, খুব একটা নিশ্চিত নই। তবে পাকিস্তানের এই দলের এমন ফর্মে ভারতের ‘বি’ দলকে হারাতে খুব, খুবই কষ্ট হবে।’

Post a Comment