আইপিএলের মাঝে আবারও ক্ষমা চাইলেন হারভজন সিং

 



ভুল করে ক্ষমা চাওয়া যেন হারভজন সিংয়ের নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ক্যারিয়ার জুড়ে নানা ধরনের বিতর্কিত কান্ডে সঙ্গী হয়েছেন সাবেক ভারতীয় অফ স্পিনার। চলতি আইপিএলেই যেমন জফরা আর্চারকে নিয়ে করেছেন বর্ণবিদ্বেষী মন্তব্য।


ইংলিশ পেসারকে কালো ট্যাক্সির সাথে তুলনা করেছেন হারভাজন। তবে এই ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। কিন্তু ভিন্ন এক বিষয়ে ঠিকই ক্ষমা চেয়েছেন সাবেক এই ক্রিকেটার। 


২০০৮ সালের আইপিএলে প্রতিপক্ষের এস শ্রীশান্তকে চড় মেরেছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন হরভজন, পাঞ্জাব কিংসে ছিলেন শ্রীশান্ত। 


যে ঘটনার জন্য আইপিএলে নির্বাসিতও হয়েছিলেন হারভাজন। মাঠেই কাঁদতে হয়েছিল শ্রীশান্তকে। এরপর নানা সময় নানাভাবেই ক্ষমা চেয়েছিলেন হারভজন। 


১৭ বছর পর আবারো এই ঘটনার জন্য আত্ম সমালোচনা করলেন ভারতীয় সাবেক ক্রিকেটার। অনুতপ্ত হয়ে চাইলেন ক্ষমা। 


সম্প্রতি তিনি বলেন, 'আমি ঠিক কাজ করিনি। ভুল করেছিলাম। আমার ওই কাজ করা উচিত ছিল না। কিন্তু আমি তো মানুষ। ঈশ্বর নই।'


বিতর্কিত সেই ঘটনা নিয়ে শুধু হারভজন নয় বিভিন্ন সময়ে মুখ খুলেছেন শ্রীশান্তও। বড় ভাই হিসেবে দেখা একজনের কাছ থেকে এমন আচরণ আশা করেননি, পেয়েছেন কষ্ট। তবে সময়ের সাথে সাথে দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। যেখানে নিজে থেকেই সম্পর্ক ঠিক করার কাজ করেছেন হারভজন।


Post a Comment

Previous Post Next Post