আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ। তবে দেশটির সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির স্বপ্ন দেখেন আগামী বছর এই টুর্নামেন্টে খেলার। আর সেটা ব্রিটিশ নাগরিক স্ত্রী নারজিসের হাত ধরে।
স্ত্রীর বদলৌতে ইংল্যান্ডের পাসপোর্ট পাওয়ার অপেক্ষায় আছেন আমির নিজেও। আর সেটা হলে পাকিস্তানি নয় ইংলিশ ক্রিকেটার হিসেবে নাম নিবন্ধন করতে পারবেন। দল পেলে খেলতেও থাকবে না বাধা।
সম্প্রতি ‘হারনা মানা হ্যায়’ নামক এক অনুষ্ঠানে আমির বলেছেন, ‘পরের বছর থেকে আমার সুযোগ তৈরি হচ্ছে, যদি হয় তবে কেন নয়!, অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই।’
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ব্যাটার আহমেদ শেহজাদ। আইপিএলে দল পেলে আমির খেলতে চান বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। শেহজাদও এতে সায় দিয়েছেন, দেখিয়েছেন যুক্তিও।
তিনি বলেন, 'আরসিবির বোলিং সমস্যা সমাধানের জন্য আমিরের মতো একজন বোলার প্রয়োজন। তাদের ব্যাটিং ইউনিট ভালো, কিন্তু তাদের সমস্যা সবসময়ই বোলিং। যদি আমির আরসিবির হয়ে খেলেন, তবে তারা শিরোপা জিতবে।’
এদিকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গিয়ে বিরাট কোহলির কাছ থেকে পাওয়া উপহারের কথাও ভুলেননি আমির।
তিনি যেমনটা বলছিলেন, 'বিরাট অসাধারণ। তিনি প্রতিভার কদর করেন। বিরাট আমাকে তার ব্যাট উপহার দিয়েছিল এবং আমি তার এই আচরণে অভিভূত।’

Post a Comment