চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাজেভাবে বিদায় নেওয়ার পর পাকিস্তানকে নিয়ে চারদিকে সমালোচনার ঝড়। যেখানে সবার আগে আছেন দেশটির সাবেক তারকা ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। কিন্তু আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ আবার এই দুজনকেই দিলেন ধুয়ে, করলেন কড়া সমালোচনা।
স্বাগতিক পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো চ্যাম্পিয়নস ট্রফি থেকে। নিকট অতীতেও বলার মতো সাফল্য নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের। আর যতবারই পাকিস্তান ব্যর্থ ততবারই মন খুলে সমালোচনা করেন আকরাম-ওয়াকাররা।
ব্যতিক্রম হয়নি এবারও। দুবাইতে বসে একটি টিভি চ্যানেলের শোয়ের জন্য বিশ্লেষণ করছিলেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। সেখানেই সমালোচনা করেন বাবর-রিজওয়ানদের। তাদের এই সমালোচনা নিতে পারছেন না পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। বলছেন টাকার জন্য নাকি সবই করতে পারেন দুজনে।
সম্প্রতি জিও টিভিকে লতিফ বলেন, 'দুবাইয়ের ছেলেরা শোরগোল ফেলে দিয়েছে। তারা এখন একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে আর নিজেরা খুশি থাকছে। অথচ গোটা ক্যারিয়ারে দুজন একে অন্যের সঙ্গে লড়াই করেছে, আমাদের আগুনের মধ্যে ঠেলে দিয়েছে। আজব মানুষ তারা। তাদের সামনে টাকা ছেড়ে দেন, তারা যেকোনো কিছু করবে।’
পাকিস্তান ক্রিকেটের উন্নতি করতে হলে ১৯৯০ এর দশকের ক্রিকেটারদের টিম ম্যানেজমেন্ট, কোচিং প্যানেল থেকে দূরে রাখার পরামর্শ লতিফের।
তিনি বলেন, 'নব্বইয়ের দশকের খেলোয়াড়দের দল এবং ম্যানেজমেন্ট থেকে দূরে রাখুন, তাহলেই তারা জিততে পারবে। তারা তো অনেক দিন ধরে পাকিস্তান ক্রিকেটে কাজ করছে, তাই আমি মনে করি, এখন তাদের বিশ্রাম নেওয়া উচিত।’
'১৯৯০-এর দশকে যারা খেলেছেন, আমি তাদের অনেক বড় ভক্ত। কিন্তু লিগ্যাসির কথা বলতে গেলে, তারা পাকিস্তানের জন্য কিছুই রেখে যাননি। তারা আইসিসির কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি—১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে হেরে গেছেন। একবার ফাইনালে (১৯৯৯ বিশ্বকাপ) উঠেছিলেন, কিন্তু বাজেভাবে হেরে গেছেন।’

Post a Comment