২০২৭ বিশ্বকাপেও মুশফিক-মাহমুদউল্লাহ? যা বললেন নাজমুল আবেদিন

 




চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিদায়ের পর থেকেই আলোচনায় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সিনিয়র দুই ক্রিকেটার আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় প্রশ্ন উঠেছে জাতীয় দলে তাঁদের জায়গা নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে দুই ক্রিকেটারই এক যুগের বেশি সময় পার করেছেন। এ দুজন কি আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায়ও আছেন - এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমূল আবেদিন ফাহিম। 


আজ বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক-মাহমুদউল্লাহ্কে নিয়ে প্রশ্নে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবে তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব-ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ হবে।’ 



আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় দুজন আছে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক বলেন, ‘খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি - এটা আমার বলার ব্যাপার না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’



বিসিবির আজকের বোর্ড সভায় আরও একাধিক বিষয় আলোচনা হয়েছে। যেখানে ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটারদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে টেস্ট খেলা ক্রিকেটাররা অগ্রাধিকার পাচ্ছেন জানিয়ে বিসিবি পরিচালক বলেন, ‘ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফি-ও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণ অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা সুরক্ষিত করতে চাই।’


Post a Comment

Previous Post Next Post