গুঞ্জন কাটিয়ে অবসর প্রসঙ্গে যা বললেন রোহিত

 



এর আগে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ত সেই ফরমেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। তাই এবারও চ্যাম্পিয়ন ট্রফি শেষ করে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেবেন এই ভারতীয় ক্রিকেটার, মনে করছিলেন অনেকে। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানালেন অবসর প্রসঙ্গে।


গতকাল রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। যা কেন নয় মাসে রোহিতের নেতৃত্বে দলটির দ্বিতীয় কোন শিরোপা জয়। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন দলকে আরও দিতে চান সার্ভিস। এখনই নিচ্ছেন না অবসর।


সরাসরি এই বিষয়ে কথা বলেছেন রোহিত। প্রত্যাশা করছেন গুজব না ছড়ানোর। সম্প্রচারকারী চ্যানেলকে তিনি বলেন, ‘আর একটা জিনিস আপনাদের সকলকেই বলতে চাই। আমি এই (ওয়ানডে) ফরমেট থেকে অবসর নিচ্ছি না। আমি চাই ভবিষ্যতে যেন এ নিয়ে কোনও গুজব না ছড়ায়। সকলকে ধন্যবাদ।’


চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে রোহিত বললেন, ‘দারুণ লাগছে জিততে পেরে। গোটা প্রতিযোগিতা জুড়েই আমরা ভালো খেলেছি। ফাইনালেও জেতার অনুভূতিটা বাকিগুলোর থেকে আলাদা। যেভাবে খেলেছি সেটা বাড়তি তৃপ্তি দিচ্ছে।’


নিজের আগ্রাসি ব্যাটিংয়ের প্রসঙ্গে রোহিত বলেন, ‘যখন আপনি আলাদা কিছু করছেন, তখন দল এবং কোচেদের সমর্থন খুব দরকার হয়। আগে রাহুল ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলাম। এখন গৌতি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ওরা দু’জনেই আমাকে সমর্থন করেছে। তাই আগ্রাসী খেলা চালিয়ে গিয়েছি। গত কয়েক বছর অন্য ভাবে খেলেছি। এখন অন্য ভাবে খেলে ফলাফল পাচ্ছি।’



উল্লেখ্য, গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে আগে ব্যাট করে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে এক ওভার ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে নেয় ভারত। এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৮৩ বলে ৭৬ রান করেছিলেন রোহিত। আর শেষ পর্যন্ত তিনি হয়েছেন ফাইনালে ম্যাচ সেরা ক্রিকেটার।


Post a Comment

Previous Post Next Post