হিন্দু ধর্মে লক্ষ্মী হচ্ছেন ধনসম্পদ ও সৌভাগ্যের দেবী। বাংলাদেশকেও যেন সেভাবেই দেখছেন বিরাট কোহলি। আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশকে শুরুতেই পেয়ে আশীর্বাদ হিসেবেই মনে করছেন ভারতীয় ব্যাটার। তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশকে পাওয়াটা সৌভাগ্য হিসেবে দেখছেন কোহলি। সীমিত সংস্করণের সর্বশেষ দুই বিশ্বকাপ জয়ের স্মৃতি টেনেই নিজের খুশির কারণ ব্যাখ্যা করেছেন ভারতীয় কিংবদন্তি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে ২০১১ সালে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। একইভাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে।
২০১১ বিশ্বকাপের ম্যাচকে টেনেই তাই চ্যাম্পিয়ন হওয়ার কথা জানিয়েছেন কোহলি। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এর আগে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে তাদের সঙ্গে প্রথম ম্যাচ খেলেছি। সেবার চ্যাম্পিয়নও হয়েছিলাম।
তাই ওদের বিপক্ষে শুরুটা হলে সেই প্রতিযোগিতা আমাদের ভালো যায়। ভালো মুহূর্ত।’
ব্যক্তিগতভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পছন্দ করেন কোহলি। ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘প্রথমত, অনেক বছর পর হচ্ছে টুর্নামেন্টটি। ব্যক্তিগতভাবে এই প্রতিযোগিতা আমার পছন্দের।
কারণ, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে প্রথম আট দলই এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়। এই রকম প্রতিযোগিতা তাই বিশেষ। এছাড়া টুর্নামেন্টটি সব সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
বাংলাদেশের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলবে ভারত। এখন দেখার বিষয় এবার দুবাইয়ে কোহলির খুশিকে মাটি করে দিতে পারেন কিনা নাজমুল হোসেন শান্ত-মেহেদি হাসান মিরাজরা।

Post a Comment