নাজমুলের প্রশ্ন, ‘আমরা কবে ৩৯৬ করলাম?’

 



সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি তোলা হয়েছিল। কিন্তু নাজমুল হোসেনের মধ্যে সেটি নিয়ে কোনো হেলদোলই দেখা গেল না। এমনকি কোনো শব্দও খরচ করলেন না। পরে বোঝা গেল কারণ।


বাংলাদেশ অধিনায়কের মনে যে তখন একই সঙ্গে এই প্রশ্নগুলোও ঘুরপাক খাচ্ছিল, ‘কখন, কোথায়, কবে?’

আগামীকালের ভারত ম্যাচ সামনে রেখে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দুপুরে তার নির্ধারিত সংবাদ সম্মেলন সেরে অনুশীলন ধরার জন্য একরকম ছুটতেই শুরু করেছিলেন তিনি। সেটি আবার আরেক জায়গায়। স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরে আইসিসি একাডেমি মাঠে অনুশীলনে যোগ দেওয়ার তাড়ার মধ্যেই এই প্রতিবেদককে নাজমুলের পাল্টা প্রশ্ন, ‘৩৯৬ রান আমরা কবে করলাম?’ তাকে জানানো হলো, ‘ওই যে আপনাদের নিজেদের মধ্যে খেলায়।’ এবার বাংলাদেশ অধিনায়কের জবাব, ‘‘আরে ওটা তো ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন করেছিলাম আমরা।


আপনারা যেভাবে ‘ভাইব’ তুলে দিয়েছেন।’’


চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে অল্প কয়েক দিনই অনুশীলন করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এর মধ্যে বেশ কিছু সেশন আবার ছিল ‘ক্লোজড ডোর’ বা রুদ্ধদ্বার। সে রকম একদিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফ্লাডলাইটের অনুশীলনে ম্যাচ পরিস্থিতি তৈরি করে ব্যাটারদের দেওয়া হয়েছিল ভয়ডরহীন ব্যাটিংয়ের লাইসেন্স।


সেই ম্যাচে ব্যাটারদের ঝলসে ওঠার বিষয়টিকে নাজমুল হয় খুব গুরুত্ব দিয়ে দেখছেন না অথবা বড় করে দেখাতে চাইছেন না। অবশ্য এ রকম ম্যাচ পরিস্থিতিতে বড় রান করাটা সব সময় সঠিক বার্তা দেয় কি না, তা নিয়েও আছে তর্কের অবকাশ। কারণ তাতে প্রতিপক্ষের আয়নায় নিজেদের দেখে নেওয়ার ব্যাপারটি থাকে না। হতে পারে, সে কারণেই সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি ওঠায় চট করে এর সঙ্গে নিজের ‘সংযোগ’ ঘটাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।


অবশ্য দেশে নিজেদের মধ্যে রানের বন্যা বইয়ে দিয়ে আসা নাজমুলদের ভিন্ন অভিজ্ঞতা হয়েছে দুবাইতে এসে।


পাকিস্তান শাহীনসের কাছে বড় হারের ধাক্কা লেগেছে তাদের গায়ে। যে ম্যাচে নাজমুলদের করা ২০২ রান ৯১ বল বাকি থাকতেই টপকে গেছে প্রতিপক্ষ। তবে এই বাঁহাতি ব্যাটার ম্যাচ পরিস্থিতির অনুশীলনে ৩৯৬ রান করাকে যেমন গুরুত্ব দিতে চাননি, তেমনি এখানে প্রস্তুতি ম্যাচের হারকেও। ‘৩৯৬’ প্রসঙ্গে যতটা নির্লিপ্ত ছিলেন, প্রস্তুতি ম্যাচের হার নিয়েও ততটাই, ‘প্রস্তুতি ম্যাচের হার কোনো প্রভাব ফেলবে না বলেই আশা করছি। কারণ সবাইকে প্রস্তুতির সুযোগ করে দেওয়ার জন্য ওই ম্যাচে আমরা অনেক কিছুই চেষ্টা করে দেখেছি।’ 

দেশে রুদ্ধদ্বার অনুশীলনে চেষ্টা করে দেখেছেন বড় রান করারও। সফলও হয়েছেন। এখন কোন চেষ্টা ফল দেবে, সেটি জানার জন্য আজকের ভারত ম্যাচের অপেক্ষা!


Post a Comment

Previous Post Next Post