সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা নিয়ে ভারতীয় মিডিয়া 'জি-২৪ মিডিয়া'র তামাশামূলক প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে বাংলাদেশের সাইবার গ্রুপ ‘সিস্টেমএডমিনবিডি’ তাদের ওয়েবসাইট হ্যাক করেছে।
বাংলাদেশে অবিরাম বর্ষণ ও ভারত ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ মারাত্মক মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। তবে, একই বন্যার প্রভাব ভারতীয় ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষদেরও ভোগ করতে হয়েছে।
এই কঠিন সময়ে, 'জি-২৪ মিডিয়া'র প্রতিবেদনে বাংলাদেশের বন্যার্তদের দুর্দশাকে উপহাস করে খবর প্রকাশ করা হয়, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এর প্রতিক্রিয়ায়, বুধবার দিবাগত রাত ১২টার পর ‘সিস্টেমএডমিনবিডি’ হ্যাকার গ্রুপ জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করে। হ্যাক করা ওয়েবসাইটে লেখা ছিল, "বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করবো।"
হ্যাকিংয়ের সময় ‘জি-২৪ ঘণ্টা’-র প্রতিবেদন "ভারত ছাড়ল জল! ভাসছে বাংলাদেশ…" এর স্ক্রিনশটও ওয়েবসাইটে যুক্ত করা হয়। এতে আরও বলা হয়েছিল, "বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধ করতে হবে।" এই ঘটনার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং অনেকেই ভারতকে বাংলাদেশের বন্যার জন্য দায়ী করছেন, দাবি করছেন ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে বন্যার পরিস্থিতি সৃষ্টি করেছে।
এ ধরনের ঘটনা সাইবার সুরক্ষার গুরুত্ব এবং প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।

Post a Comment