পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলির অভিযোগ, শত্রুতার কারণেই বাবর আজমকে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে রেখেছে আইসিসি। তার মতে, আইসিসি চায় না বাবর আজম ভালো পারফর্ম করুক, তাই কোনো উল্লেখযোগ্য পারফরম্যান্স না থাকা সত্ত্বেও বাবরকে শীর্ষে রাখা হয়েছে।
আইসিসির সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, রোহিত শর্মা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে শুভমান গিল এবং চতুর্থ স্থানে বিরাট কোহলি। তবে বাবর আজম এখনও এক নম্বরেই আছেন। বাসিত আলি প্রশ্ন তুলেছেন কেন ২০২৩ সালের নভেম্বর থেকে ওয়ানডেতে সেভাবে পারফর্ম না করা বাবর আজম এখনও শীর্ষে রয়েছেন।
তিনি তার ইউটিউব চ্যানেলে বলেছেন, 'আইসিসির এই র্যাংকিংয়ের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, যা শুধুমাত্র পারফরম্যান্সের ওপর নির্ভর করে না।' বাসিতের দাবি, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং নিউজিল্যান্ডের রাচিন রাবিন্দ্রা র্যাংকিংয়ে উপরে না থাকায় আইসিসির র্যাংকিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।
বাসিত আলি বলেন, ‘বিশ্বকাপে আমরা রাচিন রাবিন্দ্রা, কুইন্টন ডি কক, ট্র্যাভিস হেড এবং বিরাট কোহলির কাছ থেকে অসাধারণ পারফরম্যান্স দেখেছি। তারা একাধিক সেঞ্চুরি করেছেন। কিন্তু বাবর আজম, যিনি বিশ্বকাপে শেষবারের মতো ওয়ানডে খেলেছিলেন, তার পরে আর কোনো ওয়ানডে না খেলেও কীভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন, তা বিস্ময়কর।’

Post a Comment