নাজমুল হাসান পাপন ২০১৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি ছাত্র আন্দোলনের চাপে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন। এ পরিস্থিতিতে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে চলে যান, এমনকি দেশের ক্রীড়াবিদরাও এর বাইরে ছিলেন না। বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনও তাদেরই একজন। ৫ আগস্ট থেকে তিনি গোপনে রয়েছেন। বিসিবির সব কার্যক্রম কার্যত তার উপর নির্ভরশীল থাকায়, তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় বোর্ডের কার্যক্রম থমকে গেছে। এখন প্রতিটি ক্রিকেট ভক্তের মনে প্রশ্ন, এই সংকটময় সময়ে বাংলাদেশের ক্রিকেট কীভাবে পরিচালিত হবে?
চেয়ারম্যান পাপনের অবস্থান সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, পাপনের স্ত্রী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, এবং ধারণা করা হচ্ছে তিনিও সেখানে অবস্থান করছেন। বিসিবি পরিচালক ইনায়েত হুসাইন সিরাজের সঙ্গেও তার সেখানে থাকা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক জানিয়েছেন, নাজমুল হাসান পাপন বিসিবির চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়ে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনা করেছেন।
গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিসিবি পরিচালক গণমাধ্যমকে জানান, "পাপন ভাই সহযোগিতা করতে চান এবং পদ থেকে সরে যেতে চান। যদিও এ বিষয়ে তার সাথে আমার সরাসরি কোনো আলোচনা হয়নি, তবে মনে হচ্ছে তিনি দায়িত্ব ছাড়তে প্রস্তুত। আমাদের বুঝতে হবে কখন কী করতে হবে।" তিনি বিসিবির সিনিয়র ম্যানেজারদের সঙ্গেও যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।
পাপনের এই সম্ভাব্য সরে যাওয়ার সিদ্ধান্তে দেশের ক্রীড়াঙ্গনে কিছুটা স্বস্তি বিরাজ করছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, পাপন সরে গেলে বিসিবির দায়িত্ব কে নেবেন? ইতিমধ্যে বেশ কিছু নাম আলোচনায় এসেছে, তবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাবেক জাতীয় দল অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম।

Post a Comment