চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে কঠিন পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান। রোববার (৯ জুন) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জিতলেও নিশ্চিন্তে থাকার সুযোগ নেই বাবরদের। গ্রুপের বাকি ম্যাচগুলো জিতলেও সমীকরণের কঠিন মারপ্যাচে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজতে পারে পাকিস্তানের।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে গ্রুপ ‘এ’তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের নেট রান রেট ০.৬২৬। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে তারা। ২ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। একটি ম্যাচ খেলে রোহিত শর্মাদের নেট রান রেট ৩.০৬৫। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কানাডা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ২। নেট রান রেট -০.২৭৪। গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। বাবরদের পয়েন্ট এবং নেট রান রেট শূন্য। পঞ্চম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে আইরিশরা। তাদের নেট রান রেট -১.৭১২।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপের প্রথম দুইটি দল যাবে সুপার এইট পর্বে। পাকিস্তান বাকি তিনটি ম্যাচ জিতলে, রোহিত শর্মার দল পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলো জিতলে এবং যুক্তরাষ্ট্র যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তা হলে ভারত, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে তখন বিবেচনা করা হবে নেট রানরেটকে। সেই হিসেবের মধ্যে যদি পাকিস্তান প্রথম দুই দলের মধ্যে থাকতে না পারে তাহলে বাকি সব ম্যাচ জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের।

Post a Comment