টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। সুপার এইটের পথ এখন অনেকটাই মসৃণ বাংলাদেশের জন্য।
বাংলাদেশের খেলা নিয়ে সবার আগ্রহই সবসময় থাকে চরমে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও দলের খেলা নিয়ে সর্বদাই আগ্রহী। শ্রীলঙ্কা ম্যাচ দেখার পর বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসকে পাপন বলেন, ‘আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন।’ যুক্তরাষ্ট্রে দলের সাথে অবস্থান করা জালাল গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিষয়টি জানিয়েছেন।
গণমাধ্যমকে জালাল বলেন, ‘আমি যখন গাড়িতে ছিলাম তখন প্রেসিডেন্ট সাহেবের সাথে আমার কথা হচ্ছিল তখন বললো, “আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন।” আমি বলেছি আপনার একা না, আমাদেরও হার্টের অবস্থা খারাপ ছিল।’
ম্যাচের আগে দলের ক্রিকেটারদের সাথে বৈঠকে বসেছিলেন পাপন। পরে বৈঠক শেষে কী বলেছিলেন তাও খোলাসা করেছেন জালাল, ‘যখন আলাপ করছিলাম প্রেসিডেন্ট সাহেব আমাদের সাথে ছিলেন, অনলাইনে আমরা ভার্চুয়ালি আলাপ করছিলাম ম্যাচের আগের দিন। আমাকে পরে বলেছিলেন, “না মনে হচ্ছে দল কিন্তু অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। কথাবার্তা তো সেরকম মনে হল।” আমি বলেছি ইয়েস, আমরা সিরিজ হেরেছি। কিন্তু তারা কামব্যাক করবে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল।’
১ ম্যাচে ১ জয়ের ফলে বর্তমানে ২ পয়েন্ট বাংলাদেশের। বিশ্বকাপে টাইগারদের পরবর্তী ম্যাচ আগামী ১০ জুন, প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

Post a Comment