আফগানিস্তানের কাছে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর দেশে ফেরার পথে দর্শকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাঈম শেখ, তাওহীদ হৃদয়সহ কয়েকজন খেলোয়াড়ের প্রতি অশালীন আচরণ ও হেনস্তার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এমনকি পরিবারের সদস্যদের সামনেও অপমানের শিকার হতে হয় কিছু ক্রিকেটারকে।
এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, বিমানবন্দরে ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের বিরুদ্ধে হুমকিসূচক পোস্টের বিষয়টি তদন্তে আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছে বিসিবি।ক্রিকেট দলের পোশাক
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,
“বিমানবন্দরের ঘটনা ও ফেসবুকের হুমকিদাতা—দুই ঘটনাই সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্তে কাজ করছে। বিষয়টিকে রাষ্ট্রীয় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
বিমানবন্দরে অপ্রীতিকর আচরণ
দেশে ফেরার সময় শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হচ্ছিলেন ক্রিকেটাররা। এ সময় কয়েকজন দর্শক তাদের গাড়ির পেছনে গিয়ে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার ও গালাগাল করতে থাকেন। বিশেষ করে নাঈম শেখ ও তাসকিন আহমেদের গাড়ির কাছাকাছি গিয়ে এই ঘটনা ঘটানো হয়। এসব মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ফেসবুকে হুমকি, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী
এ ছাড়া একটি ফেসবুক পোস্টে মিরপুরে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে উপস্থিত দর্শকদের ‘শায়েস্তা করার’ হুমকি দেওয়া হয়। পোস্টে লেখা হয়—
“মিরপুরের কিছু ভাই মিলে একটা টিম করছি। যারা এই দলের খেলা দেখতে আসবেন, তাদের বেধড়ক মার দেওয়া হবে।”
এই উসকানিমূলক পোস্টকে বিসিবি অত্যন্ত উদ্বেগজনক ও নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে।
বিসিবির ওই পরিচালক বলেন,
“খেলায় ভালো-মন্দ ফলাফল আসবেই। সমালোচনা হতে পারে, কিন্তু ক্রিকেটারদের হুমকি বা শারীরিকভাবে আক্রমণ করার মানসিকতা একেবারেই অগ্রহণযোগ্য। আমরা চাই মাঠ ও গ্যালারি—দুই জায়গাই যেন নিরাপদ থাকে।”খেলাধুলার পোশাক
নিরাপত্তা জোরদারের নির্দেশআসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ঘিরে মিরপুর স্টেডিয়াম ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শকদের জন্য কঠোর প্রবেশনীতি ও নজরদারি বাড়ানোর কথাও জানানো হয়েছে।
বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment