পৃথিবীতে ক্রিকেট খেলা চলছে দেড়শ বছরেরও বেশি সময় ধরে ৷ ক্রিকেটের এই দেড়শ বছরের ইতিহাসে শুধু যে জয়-পরাজয়ের ঘটনাই ঘুরে ফিরে এসেছে— তা কিন্তু নয় ৷ কখনো কখনো ফলাফলকে একদম ছাপিয়ে গিয়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে এই বাইশ গজের বিনোদনে ৷ ক্রিকেট মাঠে তেমনই এক বিরল ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার আটলান্টা ফায়ারের বিপক্ষে মাঠে নেমেছিল অরল্যান্ডো গ্যালাক্সি। এই ম্যাচেই অরল্যান্ডোর পেসার ঋষি ভারমান্নি আটলান্টার ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন। কিন্তু এক ওভার শেষ করতে বল ডেলিভারি করেন ১৩ বার। ২৬ বছর বয়সী এই পেসার ৫ নো, ২ ওয়াইড আর ৪টি ছক্কা ও ২টি চারসহ খরচ করেন মোট ৪৩ রান।
নর্থ ক্যারোলাইনার চার্চ সেন্ট পার্কে প্রথম চার ওভার শেষে আটলান্টার রান ছিল বিনা উইকেটে ৩০। সেখান থেকে ভারমান্নির এলোমেলো বোলিংয়ের কারণে এক লাফে ৭৩ রানে পৌঁছে যায় আটলান্টা। ভারমান্নির প্রথম বৈধ বল করতেই লাগে ৭ বল। তার আগে প্রথম ছয় বল ছিল এমন, (নো, ওয়াইড, নো+৬, নো+২, ওয়াইড, নো+৬)। অর্থাৎ, একটি বৈধ বল ছাড়াই উঠে ২০ রান।
২৬ বছর বয়সী এই পেসারের ওভার কার্যত শুরু হয় সপ্তম ডেলিভারি থেকে। তবে এই বলও বাউন্ডারি থেকে রক্ষা পায়নি, হয় ওভারের তৃতীয় ছক্কা। পরের পাঁচ বল করতে অবশ্য বেশি বেগ পেতে হয়নি, মাঝে একটি ‘নো’ বলের পর টানা চারটি বৈধ ডেলিভারিতে ওভার শেষ করেছেন। এমন ওভারের পর অধিনায়ক তার হাতে আর বল তুলে দেওয়ার সাহস করেননি।
এমন অদ্ভুত বোলিংয়ের পর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ২১৭ রান তোলে আটলান্টা। জবাব দিতে নেমে মাত্র ১৪২ রানেই অলআউট হয়ে যায় অরল্যান্ডো। এই আটলান্টা ফায়ারের হয়েই মাইনর লিগ ক্রিকেটে খেলার কথা আছে সাকিব আল হাসানের। গত ১৫ আগস্ট বাংলাদেশি অলরাউন্ডারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে তারা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট আইসিসির স্বীকৃত পায়নি। তাই ঋষি ভারমান্নির খরুচে বোলিং রেকর্ডবুকে ঠাঁই পায়নি। স্বীকৃত টি–টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডটা সামোয়ার দারিউস ভিসারের। যিনি ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে ভানুয়াতুর নালিন নিপিকোর ওভারে ছয় ছক্কাসহ মোট ৩৯ রান নিয়েছিলেন।

Post a Comment