২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। যার অন্যতম নায়ক ছিলেন আকবর হোসেন। দুর্দান্ত নেতৃত্ব দিয়ে ফাইনালে ভারতকে পরাজিত করে শিরোপা ঘরে তুলে ছিলেন তিনি। বিশ্বকাপজয়ী সেই দলের বেশ কয়েকজন ক্রিকেটারই ইতোমধ্যেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।
তাদের মধ্যে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীরা জাতীয় দলের জার্সি গায়ে নিয়মিত পারফর্ম করছেন। এছাড়া অভিষেক হয়েছে শাহাদাত হোসেন দিপু ও মাহমুদুল হাসান জয়েরও। তবে জাতীয় দলের প্রতিযোগিতায় নিজেকে ধরে রাখতে পারেননি আকবর।
তাই নিজেকে আরও উন্নত করতে এবং খেলার জগতে আলাদা উচ্চতায় পৌঁছাতে ভিন্ন পথ বেছে নিয়েছেন আকবর। ইংল্যান্ডে সম্পন্ন করেছেন লেভেল–২ ক্রিকেট কোচিং কোর্স।
লেভেল–১ কোচিং হলো ক্রিকেট কোচিংয়ের প্রাথমিক ধাপ, যেখানে নতুনদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল জ্ঞান অর্জন করা যায়। সেই যোগ্যতা অর্জনের পরেই লেভেল–২ কোর্সে অংশ নেওয়া সম্ভব।
লেভেল–২ মূলত কলেজ, যুব বা মধ্যম স্তরের খেলোয়াড়দের প্রশিক্ষণে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়। এই কোর্সে থাকে ব্যবহারিক কর্মশালা, মূল্যায়ন এবং পরিকল্পনা, দক্ষতা অর্জন, শারীরিক বৃদ্ধি–পরিপক্বতা ও একজন কোচের ভূমিকাসহ নানা বিষয়ে বিস্তৃত পাঠ।
জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলছেন আকবর আলী। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে ৩৭ ইনিংসে প্রায় ৩০ গড়ে করেছেন ৯৬৭ রান। লিস্ট–এ ক্রিকেটে ৯২ ম্যাচে প্রায় ২৮ গড়ে করেছেন ১৮৫৩ রান, স্ট্রাইক রেট ৯০-এর বেশি।
টি–টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ৭৮ ম্যাচ, করেছেন ৮৩০ রান। ব্যাটিং গড় প্রায় ২২ হলেও স্ট্রাইক রেট দুর্দান্ত—১৩০.২৯। বাংলাদেশ ক্রিকেটে ২৩ বছর বয়সেই খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচিংয়ে হাতেখড়ি নেওয়া আকবর আলী নিঃসন্দেহে ব্যতিক্রমী উদাহরণ।

Post a Comment