সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত সাকিব। ভালো একটি টুর্নামেন্ট কাটাতে চান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ দূরেই আছেন সাকিব। লম্বা সময় ধরেই বাংলাদেশের জার্সিতে খেলা হচ্ছে না সাকিবের। অদূর ভবিষ্যতে সেই সম্ভাবনাও নেই। আপাতত তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই খেলে বেড়াচ্ছেন সাকিব।
এবার সিপিএল খেলতে অ্যান্টিগায় যোগ দিয়েছেন সাকিব। তার যোগ দেওয়ার পর একটি ছোট্ট ভিডিও প্রকাশ করেছে দলটি। সেখানে সাকিব বলেছেন, ‘এখানে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। অ্যান্টিগাতে যোগ দিচ্ছি। দারুণ এক্সাইটেড এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। হ্যাঁ আগেও খেলা হয়েছে বেশ কয়েকবার বিভিন্ন দলে। আশা করি এই বছরটাও আমার হবে।
সাকিব আরও বলেন, ‘ভালো দল আছে আমাদের। মাঠে এবং মাঠের বাইরে। (পল) নিক্সন, কার্টলি অ্যামব্রোসের সাথে ড্রেসিংরুম শেয়ার করা হবে। তরুণরাও রয়েছে দলে। যদি ভালোভাবে মিশতে পারি আমরা, আমরা ভালো একটি টুর্নামেন্ট কাটাতে পারব।’
বোলার না ব্যাটার কোন দায়িত্বে সাকিব বেশি ভালো? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘তাদেরকে জাজ করতে দিন। আমি চাই আমি দুই বিভাগেই যেন অবদান রাখতে পারি অ্যান্টিগার হয়ে। ক্যারিবিয়ানে অনেক গ্রেট প্লেয়ার আছে। স্যার ভিভিয়ান রিচার্ডস এমনই একজন। এমন স্টেডিয়ামে খেলতে পারা দারুণ হতে যাচ্ছে। আশা করি উনার সাথে দেখা হবে এবং অভিজ্ঞতা বিনিময় হবে।’
বাংলাদেশ সময় আগামী ১৫ আগস্ট ভোর পাঁচটায় সিপিএলের উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল অ্যান্টিগা।

Post a Comment