আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অনেক ক্রিকেটারই কোচিং বা ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেন। ক্রিকেট খেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা খুব বেশি দেখা যেত না আগে। তবে সেই পরিস্থিতি বদলে গেছে। এখন সাবেক ক্রিকেটাররাও নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান।
বেশ কয়েক বছর ধরেই চলছে রোড সেফটি ওয়ার্ড সিরিজ, গত বছর শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্ট। সেখানে দাপিয়ে বেড়াচ্ছেন শহীদ আফ্রিদি থেকে শুরু করে যুবরাজ সিং, হরভজন সিংরা। তবে বাংলাদেশের কোনো সাবেক ক্রিকেটারকে সেভাবে খেলতে দেখা যায় না।
আব্দুর রাজ্জাক সর্বশেষ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছেন। এর আগে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে একবার বাংলাদেশের একটি দল রোড সেফটি সিরিজে খেললেও পরবর্তীতে তাদের আর দেখা যায়নি। একই টুর্নামেন্টে মাশরাফি বিন মুর্তজার খেলার গুঞ্জন থাকলেও তিনি খেলেননি। তবে এই অপূর্ণতা ঘুচতে পারে দ্রুতই। বাংলাদেশ দলের এক সময়ের তারকা ক্রিকেটার ইমরুল কায়েস জানিয়েছেন তাদেরকে নিয়ে লিজেন্ডস টুর্নামেন্টে খেলার আলোচনা চলছে।
যদিও এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি ইমরুল। সাকিব আল হাসান এখনও অবসর নেননি আনুষ্ঠানিকভাবে। তাই তাকে পাওয়া নিয়ে ধোঁয়াশা আছে। আর তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের নিয়ে লিজেন্ডস টুর্নামেন্টে যেতে পারলে বাংলাদেশ ভালো একটি দল হবে বলে আশাবাদী ইমরুল।

Post a Comment