বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমর্থক এবং বিশ্লেষকদের হতাশা দিন দিন প্রকট হচ্ছে। বিশেষ করে দেশের মাটিতে এবং বিদেশে ধারাবাহিকভাবে হারের পর সমালোচনার ঝড় বইছে।
অনেকেই বলছেন, বিশ্ব ক্রিকেটে কিছু দল আছে যারা টেস্ট ফরম্যাটে দুর্দান্ত। আবার কেউ ওয়ানডেতে সেরা। কেউ বা টি-টোয়েন্টিতেই ভয়ংকর প্রতিপক্ষ। অথচ বাংলাদেশের অবস্থা এমন যে সব ফরম্যাটেই একই রকম দুর্বল পারফরম্যান্স দেখা যায়।
যার কারণে প্রশ্ন উঠছে—যেখানে দলের ফলাফল দিন দিন নিম্নমুখী, সেখানে ক্রিকেটারদের বেতন কি যৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে?
সমর্থকরা বলছেন, পারফরম্যান্সের মান নিয়ে কোনো জবাবদিহি নেই, অথচ বেতন ও সুযোগ-সুবিধা বেড়েই চলেছে। বোর্ডের বাজেট থেকে কেন্দ্রীয় চুক্তি, ম্যাচ ফি—সব জায়গাতেই ক্রিকেটারদের আয়ের চিত্র উন্নত হয়েছে। কিন্তু পারফরম্যান্স? তার কোনো উন্নতি নেই।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ক্রিকেটে বেতন কাঠামো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। পারফরম্যান্সভিত্তিক বেতন ব্যবস্থা ছাড়া ক্রিকেটারদের মধ্যে সঠিক দায়বদ্ধতা আসবে না।
একইসঙ্গে দল নির্বাচনে স্বজনপ্রীতি, পরিকল্পনার অভাব এবং মানসিকতার দুর্বলতা নিয়েও সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন—পরিশ্রম, শৃঙ্খলা, পেশাদারিত্ব না এলে শুধু টাকা ঢেলে কোনো লাভ হবে না।
ক্রিকেটপ্রেমীরা চাইছেন—বাংলাদেশ ক্রিকেটে শুদ্ধি অভিযান হোক। খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন এবং জবাবদিহি থাকুক। কারণ দেশের মানুষের ভালোবাসা আর আস্থা—যা সবচেয়ে বড় বেতন—তা রক্ষা করা সবার আগে দরকার।

Post a Comment