শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তান সিরিজেও দারুণ পারফর্ম করেছেন স্পিনার শেখ মেহেদী হাসান। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দেখিয়েছেন নিজের সামর্থ্য। যদিও মাঝে দল থেকে বাদ পড়ছিলেন, পরে অবশ্য নিজেকে প্রমাণ করেই দলে ফিরে এসেছেন।
জাতীয় দলে আসা-যাওয়া এখন আর নতুন কিছু নয় মেহেদীর জন্য। এর আগে বিভিন্ন সময় বাদ পড়েছেন। পারফর্ম করে আবার ফিরে এসেছেন। বিদেশের মাটিতে অনেক সময়ই সুযোগ পান না এই ক্রিকেটার। তবে নিজের পারফরম্যান্সের দিকে তাকিয়ে মেহেদী জানালেন, দেশের বাইরে বাজে খেলেননি তিনি।
ক্রিকবাজকে মেহেদী বলেন, ' আপনি যদি বিদেশের মাটিতে আমার পারফরম্যান্স দেখেন, আমি বাজেভাবে ফেইল করিনি। আমি মনে করি না, আমি কিছু নির্দিষ্ট উইকেটের উপযুক্ত।'বাদ পড়া প্রসঙ্গে মেহেদী জানান, প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেই বাদ দেয়া হয়েছে তাকে। দলের স্বার্থে তা মেনেও নিয়েছেন এই ক্রিকেটার।
' আপনি যেমন জানেন, আমিও তেমনি জানেন কেন আমাকে বাদ দেওয়া হয়েছে। এ সম্পর্কে আমার কিছু বলার নেই। দিনশেষে, এটি বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের জন্য কী প্রয়োজন এবং সেই লক্ষ্যে উপযুক্ত খেলোয়াড়রা খেলবে। যতবারই আমি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছি, আমাকে বাদ দেওয়া হয়েছে এবং আমি পারফরম্যান্সের মাধ্যমে ফিরে এসেছি। তাই বাদ পড়া এবং প্রত্যাবর্তন আমার কাছে নতুন কিছু নয়।'
কোন সিরিজের দলে না থাকলেও নিজের প্রস্তুতিতে ঘাটতি রাখেন না এই ক্রিকেটার। সবসময়ই শেখার মানসিকতা থাকে তার।
মেহেদী বলেন, ' যদি সিরিজের দলে না থাকি আমি নিজেকে প্রস্তুত করি। কাছ থেকে দেখলে আপনি বুঝবেন ক্রিকেটাররা বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে সামাল দেয় সেটা ওরকম পরিস্থিতিতে নিজের পরিকল্পনার ক্ষেত্রেও কাজে দেয়৷ তো এটা এমন না যে আমি অলস বসে আছি, আমি খেলা থেকে শিখছি।'

Post a Comment