সৌম্যকে সাজঘরে ফিরিয়ে সাকিবের আঁটসাঁট বোলিং, সোহানের ক্যামিও
রংপুর রাইডার্স ও দুবাই ক্যাপিটালসের হাই ভোল্টেজ ম্যাচে সাবেক সতীর্থ সৌম্য সরকারকে সাজঘরে ফিরিয়েছেন সাকিব আল হাসান। গায়ানার স্লো উইকেটে সৌম্য এদিন খেলেন ৩৬ রানের ইনিংস, ২৮ বল মোকাবেলায় হাঁকান ৮টি ছক্কা। তবে সম্ভাবনাময় এই ইনিংস থামে সাকিবের শিকার হয়ে।
গায়ানায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ইবরাহিম জাদরান। এরপর কাইল মেয়ার্সকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন সৌম্য সরকার। মেয়ার্স ১১ বলে ১৯ রান করে ফেরেন সাজঘরে। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ১১ রান করতেই খেলেন ১৫ বল। তবে রংপুর সবচেয়ে বড় ধাক্কা খায় সৌম্যকে হারিয়ে, যাকে শিকার করেন সাকিব নিজেই।
শেষমেশ আরও কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করেন সাকিব। দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন তিনি। পাকিস্তানি তারকা ইফতিখার রংপুরের হয়ে ২৭ বলে ২৮ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই ৮ রানে সাজঘরে ফিরলেও নুরুল হাসান সোহান থিতু হন ক্রিজে।
স্লগ ওভারে তার ক্যামিওতে ভর করে বড় সংগ্রহ পায় রংপুর। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান দাঁড়ায় রংপুরের সংগ্রহ। শেষ ওভারেই আসে ১৯ রান। ১৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন সোহান।
রংপুর এর আগে দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচেই জিতেছে। সাকিবের হাত ধরে দুবাই প্রথম ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচেই হেরেছে। এই ম্যাচ তাই তাদের বাঁচা মরার লড়াই। রংপুর এই ম্যাচ হারলেও সুযোগ থাকবে ফাইনাল খেলার।

Post a Comment