ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারানো আজিজুল হাকিমের দল দ্বিতীয় দেখায় প্রোটিয়াদের হারাতে পারেনি। ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের দাপটে ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভার ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে এদিন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ ফিরেছেন শুরুতেই। দুজনেই ফিরেছেন এক অঙ্কের ঘরেই।
সাড়ে তিন বছর ক্রিকেটে ফিরছেন টেইলর
তিনে নামা তামিম করেছেন দায়িত্বশীল ব্যাটিং। প্রোটিয়া বোলারদের দেখেশুনে খেলে তুলে নিয়েছেন ফিফটি। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি যুবা অধিনায়ক। ৮১ বলে ৫৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম। যা বাংলাদেশের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ।
রিজান হোসেন-মোহাম্মদ আব্দুল্লাহ তেমন কিছু করতে পারেননি। বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন কালাম সিদ্দিকী। ৬১ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন জেসন রয়েলস।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার জোরিস ফন স্ক্যালিকের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে আরেক ওপেনার মুহাম্মেদ বুলবুলিয়া করেছেন দারুণ ব্যাটিং। টাইগার যুবাদের বেশ সাবলীলভাবে খেলেছেন তিনি। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন প্রোটিয়া ওপেনার। দেবাশীষ দেবার বলে আব্দুল্লাহর হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৪২ বলে ৩৯ রান।
বুলবুলিয়া না পারলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন আরমান মানাক। ৭৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি। অধিনায়ক রয়েলসের ব্যাট থেকে এসেছে ৪৯ বলে ৪১ রান। তাতেই বড় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

Post a Comment