শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেনি। এমন প্রেক্ষাপটে নিজের নামও আলোচনায় আনলেন অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাইজুল বলেন—
“আমার অভিজ্ঞতা আছে, এমন কোনো অপশন নেই যা আমার ভেতর অনুপস্থিত। মনে হয় না দলের প্রয়োজনে এমন কিছু আছে যা আমি করতে পারব না। টেস্টের অধিনায়কত্ব কোনো আকর্ষণীয় কিছু নয়। তবে, যদি কখনো (নেতৃত্বের) সুযোগ আসে তবে কেন নয়।”
দীর্ঘ সময় ধরে বাংলাদেশের টেস্ট আক্রমণের অন্যতম ভরসা এই বাঁ-হাতি স্পিনার। দেশের হয়ে টেস্টে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানো বোলিং করেছেন। তার অভিজ্ঞতা, ধীরস্থির মানসিকতা, এবং কৌশলগত বোঝাপড়া তাকে নেতৃত্বের জন্য যোগ্য একজন প্রার্থী করে তুলছে বলে মনে করেন অনেকেই।
তাইজুলের এমন খোলামেলা মন্তব্যে বোঝা যাচ্ছে, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত এবং বিশ্বাস করেন যে নেতৃত্বের সব গুণ তার মধ্যে আছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে একজন পরিণত অধিনায়ক খুঁজছে বোর্ড। তাইজুলের অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা সেই দায়িত্ব পালনে বড় ভূমিকা রাখতে পারে বলে অনেকেই আশাবাদী।

Post a Comment