পারফর্ম না করেও টিকে গেলেন শান্ত, কেন বাদ পড়লেন মিরাজ?

 



সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর মিলিয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা ৭ টি-টোয়েন্টি। এই দুই সিরিজের জন্য আজ (৪ মে) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। কিন্তু সেখানে টানা ব্যর্থ নাজমুল হোসেন শান্ত সুযোগ পেলেও নেই মেহেদী হাসান মিরাজ।


এ নিয়ে সংবাদ সম্মেলনেও প্রশ্নের সম্মুখীন হয়েছেন নির্বাচকরা। বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক শান্ত। যে সিরিজে নেতৃত্ব দিয়ে লিটন দাস ৩-০ ব্যবধানে দলকে জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।


সম্প্রতি শান্ত নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তার পরিবর্তেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নতুন অধিনায়ক হিসেবে লিটনকে বেছে নিয়েছে বিসিবি।


কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ফর্মহীনতার জন্য নেতৃত্ব ছাড়া শান্ত ঠিকই আছেন স্কোয়াডে। যিনি সর্বশেষ বিপিএলেও ফরচুন বরিশালের বেঞ্চে কাটিয়েছেন।


শান্ত টিকে গেলেও নতুন যাত্রার বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ মিলেনি মিরাজের। বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ব্যাটে-বলে করেছেন পারফর্ম। আন্তর্জাতিক ক্রিকেটেও পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠছেন এই ক্রিকেটার।


শান্তর টিকে যাওয়া নিয়ে আজ সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'শান্ত আমাদের সাবেক অধিনায়ক ছিলেন। আপনি দলটার দিকে তাকিয়ে দেখুন। আপনার অভিজ্ঞতাও দরকার। ওপরে আমাদের সৌম্য আছেন। ৯০-এর কাছাকাছি ম্যাচ খেলেছেন। লিটন দাস আছেন।'


'এরপর আপনি তাকান, তাহলে দেখবেন যে বিস্তর ফারাক হয়েছে। শান্তর ৫০ হয়নি। ৪০-এর আশেপাশে ম্যাচ। তাই কিছু অভিজ্ঞ খেলোয়াড় দলের সঙ্গে আপনার নিতে হবে।’


এরপরই প্রসঙ্গ আসে মিরাজের। শান্ত টিকে গেলেও মিরাজ কেন উপেক্ষিত? মিরাজ কেন বিবেচিত হননি টি-টোয়েন্টি দলে?


জবাব দিতে গিয়ে লিপু বলেন, 'মিরাজ আমাদের জাতীয় দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সেটার প্রতিফলন হয়েছে। শুধু জাতীয় দলে না। এরই মধ্যে বিশ্বকাপে আপনারা দেখবেন যে একটু পিছিয়ে রেখেছিলাম মিরাজকে।'


'একজন ক্রিকেটার যদি চোটে পড়ে যান, তিন সংস্করণের জন্যই তিনি পিছিয়ে পড়েন। এখানে যে পাঁচ বোলার থাকবে, সবাইকে চার ওভার করে বোলিং করতে হবে। সেক্ষেত্রে শেখ মেহেদী কিছুটা এগিয়ে আছেন।’

Post a Comment

Previous Post Next Post