সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হেরেছে টাইগাররা। যার প্রভাব পড়েছে আইসিসির র্যাঙ্কিংয়ে।
টি-টোয়েন্টিতে নয় থেকে দশ নম্বরে গেছে বাংলাদেশ। এর আগে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতেও দশে নেমে যায় টাইগাররা। টেস্টে বাংলাদেশের অবস্থান নয়ে।
আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। এরপর পাকিস্তানেও প্রথম দুই ম্যাচেও হারলো লিটন কুমার দাসের দল। আর তাতেই বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৫টি। ২২৫ থেকে কমে টাইগারদের রেটিং পয়েন্ট এখন ২২০। বাংলাদেশের পরে থাকা আয়ারল্যান্ডের পয়েন্ট ২০২। ২২৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে উঠে এসেছে আফগানিস্তান।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ২৭১। তাদের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। ২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড, চারে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২৪৬। ২৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।

Post a Comment