হৃদয়ের নিষেধাজ্ঞা প্রসঙ্গে যা বললেন তামিম!

 



গতকাল রাত থেকেই শোনা যাচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে বিসিবিতে। আজ (শুক্রবার) সকাল থেকেই মিরপুর শেরে-বাংলায় ক্রিকেটারদের আনাগোনা। কারণটা অবশ্য সকলেরই জানা। তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কান্ড ও ঢাকা লিগে ম্যাচ ফিক্সিং ইস্যুতে বোর্ডের সাথে মিটিং করেছে ক্রিকেটাররা।


সভা শেষে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন তামিম ইকবাল। সেই সাথে কবে ক্রিকেটে ফিরবেন সেই প্রসঙ্গেও কথা বলেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।


ঢাকা লিগে তামিমের অসুস্থ হওয়ার পর মোহামেডানের দায়িত্ব পান হৃদয়। সেখানে একটি ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সাথে তর্কে জড়ান হৃদয়। শুধু তাই নয়, ম্যাচশেষে সৈকতের সমালোচনা করেন ডানহাতি এ ব্যাটার।


সেই অভিযোগের ভিত্তিতে হৃদয়ের নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়। ফলে এক নিষেধাজ্ঞার পাশাপাশি হৃদয়কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর আম্পায়ারের সমালোচনার কারণে তাকে আরও এক ম্যাচ নিষেধাজ্ঞার দেয়া হয়। নিয়ম অনুযায়ী সুপার লিগের প্রথম দুই ম্যাচ নিষিদ্ধ থাকার কথা ছিলো তার। কিন্তু এক ম্যাচ পরই গত ২০ এপ্রিল অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানের নেতৃত্ব দিতে দেখা যায় হৃদয়কে।


এই প্রসঙ্গে তামিম বলেন, 'প্রথমে যখন দুটি ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় তখন কেউ কোনো কথা বলেনি। এরপর এক ম্যাচের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়। এরপর আবার দুই ম্যাচ খেলার পর আবার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। হৃদয়ের ব্যাপারটা কোনো সেন্সই মেক করে না দুই ম্যাচ নিষেধাজ্ঞা দিয়ে উঠিয়ে নেয়া। আবার নিষিদ্ধ করা ব্যাপারটা হাস্যকর।'


তামিম আরও যোগ করেন, 'মোহামেডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কী হয়নি এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বিসিবি তাকে খেলার অনুমতি দিয়েছে কিনা। যদি বিসিবি অনুমতি দেয় তাহলে সে শাস্তি ভোগ করেছে। যে ছেলে তার শাস্তি ভোগ করে সে একই অপরাধের জন্য আবার কীভাবে শাস্তি পেতে পারে। এই বিষয়ে আমাদের কথা হয়েছে। আমরা বুঝিয়েছি আমরা কী ফিল করি। তারাও তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে।'


Post a Comment

Previous Post Next Post