নানা কারণে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু ছাড়াও সামনে এসেছে বেশ কিছু বিষয়। তার মধ্যে অন্যতম ফিক্সিং ইস্যুতে অভিযুক্ত ক্রিকেটারদের একইভাবে অভিনয় করানো। আর তাতেই বেশ ক্ষেপেছে তামিম ইকবাল।
এই বিষয়ে তামিম বলেন, 'কিছুদিন আগে আপনারা দেখেছেন গুলশান আর শাইনপুকুর ম্যাচে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে সরাসরি বলেছি যে দেখেন, যদি ওখানে কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে বা কোনো খেলোয়াড় কোনো ধরনের ভুল করে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক। কিন্তু তার মানে এটা না যে আপনি ওই দুটা ছেলেকে নিয়ে গিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন, এমনটা করার অধিকার কারোর নেই। আপনি বিশ্বের কোথাও দুর্নীতি দমন কমিশনে এমন নিয়ম নেই আপনি ওই দুটা ছেলেকে বেইজ্জত করবেন মিডিয়ার সামনে, একই জিনিসটা অভিনয় করাই। এটা খেলোয়াড়কে ইনসাল্ট করা।'
সবশেষ বিপিএলে উঠেছিল ফিক্সিংয়ের অভিযোগ। বেশ কিছু ক্রিকেটারের নামও এসেছিল প্রকাশ্যে। আর এতেই চটেছেন তামিম।
তিনি বলেন, 'বিপিএলেও দশ জনের নাম বের হয়েছে, দশ জনের নাম মিডিয়াতে দেওয়া হয়েছে। আমরা সবাই চাই ওখান থেকে কেউ যদি দোষী হয় তার শাস্তি হোক। তার যতদূর শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। কিন্তু ওখানে দুটা নির্দোষ বা আটজন নির্দোষ-তাদের নামগুলো লিক করে দেওয়াও ইনসাল্টিং।'
তামিম আরও বলেন, 'এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা হতাশ ছিলাম। এ জিনিস নিয়ে আমরা প্রেসিডেন্টকে অনুরোধ করেছি আসতে, উনি এসেছেন সঙ্গে আরও দুজন পরিচালক ছিলেন। আমরা লম্বা চড়া আলোচনা করেছি। আমাদের পয়েন্ট তুলে ধরে উনাকে বলেছি আমরা আপসেট।'

Post a Comment