সাবেক ক্রিকেটারদের নিয়ে গতকাল ভারতের উদয়পুরে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ টাইগার্স নামে একটি দলের অংশ নেওয়ার কথা। তবে গতকাল সন্ধ্যায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নাম প্রত্যাহার করেছে বাংলাদেশ টাইগার্স।
এশিয়ান লিজেন্ডস লিগ আইসিসি ও বিসিসিআই অনুমোদিত নয়। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের সেই লিগে খেলার অনুমতি দেয়নি। এই লিগে অংশ নিলে ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন হুঁশিয়ারির কারণে ভারতে গিয়েও ম্যাচের কয়েক ঘণ্টা আগে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স। তবে এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন হেড কোচ হার্শেল গিবস।
এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের হেড কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গিবস। প্রোটিয়া এই ব্যাটসম্যান তাঁর এক্স হ্যান্ডেলে এক টুইটে বিরক্তি প্রকাশ করে লেখেন,‘বাংলাদেশ দলের কোচ হিসেবে আমাকে নেয়া হয়েছিল। আমি এখন পর্যন্ত ভ্রমণ (ভারতে যাওয়ার) পরিকল্পনার জন্য অপেক্ষা করছি… এটা ফাজলামো নাকি!’
এই টুর্নামেন্টে আফগানিস্তান পাঠানস, এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স নামের আরও চারটি দল অংশ নিচ্ছে। যেখানে ভারতসহ অন্যান্য দেশের একাধিক সাবেক ক্রিকেটাররা খেলছেন।

Post a Comment