সুপার ওভার মানেই বাড়তি উত্তেজনা। ছয় বলের খেলায় ব্যাটারদের মাঝে চার-ছক্কা মারার প্রবণতা থাকে বেশি। যার কারণে ম্যাচ হয়ে ওঠে উপভোগ্য। তবে গতকাল (শুক্রবার) মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকং ম্যাচে দেখা গেল ভিন্ন এক ঘটনা। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রানই নিতে পারেনি বাহরাইন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম।
বাহরাইন সুপার ওভারে আগে ব্যাটিং করেছে। এহসান খানের করা সুপার ওভার শুরু হয় ডট বল দিয়ে। প্রথম বল ডট হওয়ার পরের দুই বলে টানা দুই উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় বলে বাবর হায়াতকে ক্যাচ দিয়েছেন আমের বিন। আর তৃতীয় বলে নিজাকাত খানের হাতে ধরা পড়েন সোহাইল আহমেদ।
হংকংয়ের ব্যাটসম্যান বাবর হায়াত ১ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে আবার ডট খেলেছেন সুপার ওভারের প্রথম দুই বল। তিন নম্বর বলে এক রান নিয়ে ম্যাচ জিতিয়েছেন বাবর।
টি-টোয়েন্টিতে সুপার ওভারে এর আগে সর্বনিম্ন ছিল গত বছরের জানুয়ারিতে আফগানিস্তানের করা ১ রান। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সেটি ছিল ম্যাচের দ্বিতীয় সুপার ওভার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ওভারে রান না ঘটনা এবারই প্রথম হলেও। ফ্র্যাঞ্চাইজি লিগে এমন ঘটনা দেখা গেছে বেশ কয়েকবার। ওয়েস্ট ইন্ডিজের লিগ সিপিএলে একবার মেইডেন দিয়েছিলেন সুনীল নারাইন।

Post a Comment