ভোলার লালমোহন উপজেলায় চকোলেটের প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে পরিত্যক্ত টয়লেটে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (১৯ মার্চ) সকালে ওই শিশুর মেডিক্যাল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালামচর (পেশকার হাওলা) এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লালমোহন ইউনিয়নের বালামচর (পেশকার হাওলা) এলাকায় দীর্ঘদিন ধরে নানির কাছে থেকে পড়ালেখা করত ওই শিশু।
তার বাবার বাড়ি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার চর কুকরি-মুকরিতে। মঙ্গলবার বিকেলে ওই শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে একই এলাকার আব্দুল মান্নান নামে ৫০ বছর বয়সী এক বৃদ্ধ পার্শ্ববর্তী মনোয়ারা বেগমের পরিত্যক্ত টয়লেটে নিয়ে ধর্ষণ করেন। এরপর ওই শিশু বিষয়টি তার নানিকে জানালে তিনি স্থানীয় লোকজনদেরকে ঘটনাটি জানায়। তবে ঘটনার পরপরই পালিয়ে যান বৃদ্ধ আব্দুল মান্নান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে রাতেই পুলিশের একটি ফোর্স পাঠিয়ে ওই শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করিয়েছি। এরপর তাকে বুধবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই শিশুর নানি বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত বৃদ্ধ পলাতক রয়েছে।
তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান তিনি।

Post a Comment