গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গত এক সপ্তাহে অন্তত ২৭০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।
এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, টানা অষ্টম দিনের মতো গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ মঙ্গলবার ভোরের দিকে রকেট হামলায় সাত শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।
সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ১৮ মার্চ পুনরায় হামলা শুরুর পর থেকে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে। গত এক সপ্তাহ শিশুদের জন্য ছিল সবচেয়ে মারাত্মক দিন।
এদিকে গতকাল সোমবার গাজায় হামলা চালিয়ে আল জাজিরার প্রতিবেদক হোসাম শাবাতকে হত্যা এবং অধিকৃত পশ্চিম তীরে অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা হামদান বল্লালকে গ্রেপ্তারের ঘটনায় অঞ্চলজুড়ে ক্ষোভ বাড়ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে উপত্যকাজুড়ে ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছেন।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এরও বেশি বলে দাবি করেছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনি মৃত বলে ধরে এই তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।

Post a Comment