চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় শিবিরে চরম ধা''ক্কা

 



চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুশ্চিন্তায় ভারত। ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়া সিরিজে চোটে পড়া জাসপ্রিত বুমরাহ। দলের প্রধান অস্ত্রকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।


অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে পিঠের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন বুমরাহ। সিডনি টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের পর বল করতে পারেননি। মাঠ থেকেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল চোট পরীক্ষার জন্য। বছর দুয়েক আগে পিঠের যে জায়গায় অস্ত্রোপচার হয়েছিল, সেই জায়গাই আবার ফুলে গিয়েছে বুমরাহের। চিকিৎসকেরা তাকে পাঁচ সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছিলেন।


 

যার কারণে ছিলেন না ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ফিট হওয়ার সময় দিতে বাটলারদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও তাকে রাখা হয়নি দলে। তবে তৃতীয় ম্যাচে খেলার কথা ছিল। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তৃতীয় ম্যাচ থেকেও তাকে বাদ দেয়া হয়েছে।

 


 

দুদিন আগে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে বুমরাহের চোটের পরীক্ষা করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা তাকে মাঠে নামার অনুমতি দেননি। তাই ইংল্যান্ডের বিপক্ষে গোটা সিরিজেই তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যদিও বোর্ডের পক্ষ থেকে বুমরাহের চোটের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার জন্য ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাওয়া যাবে। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। ফলে বুমরাহকে ফিট পেতে এখনো সপ্তাহ দুয়েক সময় পাচ্ছে ভারত। কিন্তু দলের প্রধান বোলিং অস্ত্রকে যদি শেষ পর্যন্ত টুর্নামেন্টে পাওয়া না যায়, তাহলে লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়বে রোহিত শর্মারা। তাছাড়া ইনজুরি থেকে ফিরে এসেই পারফর্ম করাটাও কঠিন হবে বুমরাহ’র জন্য।

Post a Comment

Previous Post Next Post