দীর্ঘ বিরতির পর সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরেছেন। বর্তমানে চলছে প্রথম টেস্ট ম্যাচ, এবং সাকিব আল হাসান এই ম্যাচের একাদশে রয়েছেন।
সাকিবের বিরুদ্ধে ইতিমধ্যে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যেখানে তিনি আদাবরে গার্মেন্টস শ্রমিক হত্যার মামলায় ২৮ নম্বর আসামি হিসেবে উল্লেখিত। তবে, বিসিবি এখনও সাকিবকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় না। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছেন, “এফআইআর হয়েছে, কিন্তু এখনও কোনো চার্জ গঠন হয়নি। সাকিব আমাদের একজন খেলোয়াড় এবং চুক্তিবদ্ধ কর্মী। আইনগত নোটিশ পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারব।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে খেলা চলছে, তাই তাকে এখনই সরানো সম্ভব নয়।”
এদিকে, সাকিবের পাশে দাঁড়াতে শুরু করেছেন তার সতীর্থরা। শরিফুল ইসলাম, মুনিম শাহারিয়ার, এবং রুবেল হোসেন সাকিবের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। শরিফুল ইসলাম লিখেছেন, “সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান। সে আছে এবং থাকবে।”
মুনিম শাহারিয়ার লিখেছেন, “মানুষের মন মানসিকতা পরিবর্তন না হলে দেশ আরও দশবার স্বাধীন হলেও দেশে পরিবর্তন আসবে না। ১৭ বছর আগে যেমন মিথ্যা মামলা হয়েছে, এখনো মিথ্যা মামলাই হচ্ছে।”
রুবেল হোসেন লিখেছেন, “বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ারে পাঁচ মাসের মতই তিনি ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে অনেক কিছু হারিয়েছেন। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব, ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।”

Post a Comment