মাহমুদউল্লাহর ‘জ্ঞানহীন’ ব্যাটিং নিয়ে ক্রিকেট দুনিয়া উত্তাল!


 

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। ১১৬ রান তাড়ায় ১২.১ ওভারে জিতলে অভাবনীয়ভাবে সেমিফাইনালে উঠতো টাইগাররা। এমন পরিস্থিতিতে, শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং প্রয়োজন ছিল। লিটন দাস শুরুতে ঝড়ের আভাস দিলেও পাওয়ারপ্লে শেষেই হঠাৎ করে বাংলাদেশ খেলে বসে ‘দায়িত্বজ্ঞানহীন’ ক্রিকেট।


এক পর্যায়ে সেমিফাইনালের টিকিট কাটতে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৯ বলে ৪২ রান। ক্রিজে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি সাধারণত এই সমীকরণে ম্যাচ জেতাতে সক্ষম। কিন্তু নূর আহমেদের করা একটি ওভারে মাহমুদউল্লাহ ৫টি বল ডট খেলেন এবং একমাত্র একটি বল বাউন্ডারিতে পরিণত করেন। মূলত এই ওভারেই বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায়। মাহমুদউল্লাহর ডিফেন্সিভ ব্যাটিং দেখে মনে হচ্ছিল তার মধ্যে জয়ের কোনোরকম তাড়না নেই।


বিশ্বের সেরা স্পিনাররা একসঙ্গে বল করলেও এমন মুহূর্তে বিশ্বের কোনো ব্যাটার হয়তো ৫ বল ডট খেলতেন না। অথচ বাংলাদেশ দলের সেরা ফিনিশার মাহমুদউল্লাহ নূরের বল থেকে রান নিতে পারেননি। টাইগারদের চিন্তায় তখন সেমিফাইনাল ছিল না, তাদের লক্ষ্য ছিল কোনোভাবে ম্যাচ জিতে ফেলা।


পরের ওভারে রশিদ খানের বলেও বাংলাদেশের ব্যাটাররা খেলেছেন রক্ষণাত্মকভাবে। সেই ওভারের পঞ্চম বলে মাহমুদউল্লাহ আউট হন ৯ বলে ৬ রান করে। মাহমুদউল্লাহর এই ইনিংসেই মূলত বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়। সেই ওভারের শেষ বলে রিশাদ হোসেনও আউট হন।


সেমিফাইনালের স্বপ্ন এক সময় বেশ বাস্তব ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে হেরে নাজমুল হোসেনের দলকে দেশে ফিরতে হচ্ছে। বাংলাদেশের হারের ফলে অস্ট্রেলিয়াও বিদায় নিতে বাধ্য হয় এবং আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছায়, যা জন্ম দেয় নতুন এক রুপকথার গল্প।







Post a Comment

Previous Post Next Post